Type Here to Get Search Results !

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দাবি

শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৮ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এই দাবি জানানো হয়।

বার্তায় বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের পেশাজীবীদের মধ্যে শিক্ষকরা সবচেয়ে অবহেলিত। চাকরি জীবনে যেমন কম মজুরি ও অসম্মানের শিকার হতে হয়, তেমনি অবসরে গিয়েও তাদের ভোগান্তির শেষ নেই। সারাজীবন চাকরি করার পর অবসরে গিয়ে প্রাপ্য অর্থ পাওয়ার জন্য শিক্ষকদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ শতাংশেরও বেশি শিক্ষক অবসরের টাকা না পেয়েই মৃত্যুবরণ করেন। অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত হয়ে কষ্টে জীবনযাপন করছেন।

বার্তায় বলা হয়,আমরা মনে করি জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবসর জীবনের এই করুণ পরিণতি অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি, শিক্ষকদের নিজেদের কষ্টে অর্জিত ও জমানো অবসর ও কল্যাণ ফান্ডের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না; বরং শিক্ষকদের অধিকারের প্রশ্নে রাষ্ট্র হতাশাজনকভাবে নীরব। যা কোনোভাবেই কাম্য নয়।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করার লক্ষ্যে এনসিপির পক্ষ থেকে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট ৩ দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো-

১.শিক্ষকরা অবসর নেওয়ার ১৮০ দিন অর্থাৎ, ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ করতে হবে।

২. সব শিক্ষক তাদের বেতন থেকে কর্তনকৃত টাকার পরিমাণ জানতে পারবেন এবং সেই ফান্ড থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করতে হবে।

৩. বিগত সময়ে শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে পুনরায় সেই অর্থ শিক্ষকদের ফান্ডে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।

বার্তায় এনসিপি জানায়, আমরা বিশ্বাস করি সরকার দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে। অন্যথায় সমগ্র শিক্ষকদের সঙ্গে নিয়ে এনসিপি কঠোর আন্দোলনের ডাক দেবে।

এনএস/এএমএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/TuoV3r7

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.