হকির মানুষদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বাংলাদেশ কি এশিয়ান গেমসের টিকিট পাবে না? শ্রীলংকার বিপক্ষে ২০ বছর পর হার এবং উজবেকিস্তানের সঙ্গে প্রথমবার ড্রয়ের পর এই শঙ্কা জাগা অমূলক ছিল না।
থাইল্যান্ডে চলমান এশিয়ান গেমস হকির বাছাইয়ে বাংলাদেশের বাজে পারফরম্যান্সই তৈরি করেছিল এই অনিশ্চয়তা। অবশেষে বুকের ওপর থেকে পাথর নেমেছে হকির সংগঠকদের। বাংলাদেশ আগামী এশিয়ান গেমসে খেলবে। বৃহস্পতিাবর পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হংকংকে হারিয়েছে পেনাল্টি শ্যুটআউটে।
নির্ধারিত সময়ের খেলা ৪-৪। এরপর পেনাল্টি শ্যুটআউট। সেখানে ৩-২ গোলে জয়। পেনাল্টি শ্যুটআউট পর্বে নায়ক ছিলেন বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনি হংকংয়ের দুটি হিট রুখে দিয়ে বাংলাদেশকে এনে দেন নাটকীয় জয়।
নির্ধারত সময়ে বাংলাদেশ এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে গেলেও ম্যাচটি জমে যায় গোল পাল্টা গোলে। হংকং ম্যাচ ২-২ করার পর বাংলাদেশ আবার লিড নিয়েছিল ৩-২ গোলে। বাংলাদেশের প্রথম তিন গোল করে রকিবুল, আমিরুল ও আশরাফুল।
৪৮ মিনিটে আশরাফুলের দ্বিতীয় গোল বাংলাদেশকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল। তবে হংকং পরের মিনিটেই পেনাল্টি স্ট্রোক পায় এবং গোল করে ৪-৪ এ সমতা আনে। তারপর পেনাল্টি শ্যুটআউট। বিপ্লব কুজুর তিনটি হিট রুখে দিয়ে নায়কের আসনে বসেন।
বাংলাদেশ এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে আগামীকাল চাইনিজ তাইপের বিপক্ষে। গ্রুপেও চাইনিজের সাথে দেখা হয়েছিল বাংলাদেশের। জিতেছিল ৪-৩ গোলে।
আরআই/আইএইচএস/
from jagonews24.com | rss Feed https://ift.tt/sI4iKoU