Type Here to Get Search Results !

পতাকা উত্তোলন, কারফিউ ভঙ্গ ও মিছিলে গুলিবর্ষণ

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক ঐতিহাসিক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করা হয়। ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আ স ম আবদুর রব এ পতাকা উত্তোলন করেন। এসময় স্বাধীনতার লক্ষ্যে যে কোনো ত্যাগ স্বীকার এবং চূড়ান্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল কুদ্দুস মাখন। উপস্থিত ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা তোফায়েল আহমদ ও নূরে আলম সিদ্দিকী। সমাবেশ শেষে স্বাধীনতার স্লোগানে মুখর এক বিশাল শোভাযাত্রা বায়তুল মোকাররম মসজিদের দিকে অগ্রসর হয়।

দুপুরে ঢাবি ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করা হয়। এতে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পতাকা উত্তোলন, কারফিউ ভঙ্গ ও মিছিলে গুলিবর্ষণঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন/ছবি: সংগৃহীত

রাতে বেতারের মাধ্যমে ঢাকায় কারফিউ জারির ঘোষণা আসে। তবে ছাত্রাবাস ও শ্রমিক অধ্যুষিত এলাকা থেকে ছাত্র-জনতা ও শ্রমিকরা ‘সান্ধ্য আইন মানি না’, ‘জয় বাংলা’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান দিতে দিতে কারফিউ ভঙ্গ করে মিছিল বের করেন।

রাত সাড়ে ৯টার দিকে ডিআইটি অ্যাভিনিউ মোড় ও মর্নিং-নিউজ পত্রিকা অফিসের সামনে সামরিক বাহিনী জনতার ওপর গুলি চালায়। বিপুল জনতা কারফিউ অমান্য করে গভর্নর হাউজের দিকে এগোলে সেখানেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন এলাকায় কারফিউ ভঙ্গকারীদের ওপর বেপরোয়া গুলি চালানোর খবর পাওয়া যায়।

২ মার্চ দৈনিক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল- ‘জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত’। খবরে জানানো হয়, অধিবেশন স্থগিতের প্রতিবাদে আকস্মিক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, সংখ্যালঘিষ্ঠ দলের সেন্টিমেন্টের জন্য অধিবেশন স্থগিত করা হয়েছে এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অধিবেশন স্থগিতের ঘোষণায় রাজধানীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইত্তেফাকের আরেক শিরোনাম ছিল- ‘প্রতিবাদে রাজধানীতে প্রচণ্ড বিক্ষোভ’।

তথ্যসূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর ও ১৯৭১ সালে প্রকাশিত সংবাদপত্র

এমএএস/একিউএফ



from jagonews24.com | rss Feed https://ift.tt/ux5mSs1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.