Type Here to Get Search Results !

এবারের ভোট হবে—কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের কিছু সাহসী সন্তান জীবন উৎসর্গ করে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে। গুম-খুনের শিকার ভাইবোনদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। এবারের ভোট হবে—কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত তিনটি জাতীয় নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে এবং মানুষ ভোট দিতে পারেনি—মন্তব্য করে তারেক রহমান বলেন, এবার দেশের মানুষ ভোট দেবে। নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

বিগত আওয়ামী সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই দীর্ঘ সময়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু ভোট দিলেই হবে না—সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সেটি বিবেচনা করতে হবে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা শুধু বিএনপিরই আছে।

দেশের অর্থনৈতিক সংকট ও বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলেই আজ তরুণদের একটি বড় অংশ বেকার। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই সংকটের সমাধান করা হবে।

তারেক রহমান আরও বলেন, জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছাতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি জরুরি। সরকার গঠনের প্রথম দিন থেকেই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে। এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে সবাই নিরাপদে থাকবে।

বাড্ডা ও সাঁতারকুল এলাকার স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষে ভোট দিতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

কেএইচ/এমএমকে



from jagonews24.com | rss Feed https://ift.tt/FgtLrSW

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.