Type Here to Get Search Results !

ইউএনওর বদলি ঠেকাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ বাতিলের দাবিতে দফায় দফায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত কয়েক দফা সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়ে আটকা পড়েন হাজারো যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানবাহনের যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিকসহ সাধারণ মানুষ।

নির্বাহী কর্মকর্তার বদলি ঠেকাতে প্রথমে বিকেল সাড়ে ৪টায় লাকসাম বাইপাস চৌরাস্তায় ছাত্রজনতার অবস্থান নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তীব্র যানজটে পড়া ভোগান্তি এড়াতে নির্বাহী কর্মকর্তা নিজেই ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেন।

আবার সন্ধ্যায় ছাত্রজনতা মহাসড়ক অবরোধ করেন লাকসাম বাইপাস এলাকায়। পরে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবুও সড়কজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে আন্দোলনরত ছাত্ররা ঘোষণা দিয়েছে, বদলি আদেশ প্রত্যাহারের সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে, আর সন্ধ্যার পর থেকে রেললাইনও বন্ধ করে দেওয়া হবে।

এ সময় ঘটনাস্থলে ইউএনও কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা উপস্থিত হয়ে ছাত্রদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা তা প্রত্যাখ্যান করে।

এর আগে গতকাল (১১ সেপ্টেম্বর) দুপুরে লাকসামের সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। কিন্তু রাতেই ইউএনও কাউছার হামিদের রিলিজ আদেশ জারি হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

টানা তিন দিন ধরে লাকসামে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, জনগণের স্বার্থে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনওকে বদলির চেষ্টা চালাচ্ছে। আমরা এই ষড়যন্ত্র মেনে নেব না। অবিলম্বে বদলি আদেশ বাতিল করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিতে থাকায় আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে এসে পুরো শহরকে অচল করে দেয়।

জাহিদ পাটোয়ারী/এমআরএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/vONzYM4

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.